মুলায়ম পুত্র প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু, শোকবার্তা যোগী আদিত্যনাথের
রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক পরিবারের সদস্য হলেও নিজেকে সবসময় সেই আলো থেকে দূরেই রেখেছিলেন প্রতীক যাদব।ফিটনেস,ব্যবসা,পশুপ্রেম নিয়েই ছিল তাঁর জীবন।কিন্তু বুধবার ভোরে আচমকাই থমকে গেল সেই জীবন।সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে তথা অখিলেশ যাদবের সৎভাই প্রতীক যাদবের অকালমৃত্যুর খবরে স্তব্ধ গোটা রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। প্রতীকের অকালপ্রয়াণে শোকপ্রকাশ করলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিশন।
সূত্রের খবর,বুধবার ভোরে লখনউয়ের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় প্রতীক যাদবকে।তড়িঘড়ি তাঁকে শহরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও অবধি জানা যায়নি।সূত্র অনুযায়ী,বৃহস্পতিবার দুপুরে লখনউয়ের স্থানীয় ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই আবহেই একটি সাক্ষাৎকারে রবি কিশন বলেন,”খুবই দুঃখজনক ঘটনা।প্রতীক একজন ফিটনেসপ্রেমী মানুষ ছিলেন।তাঁর জিমের ব্যবসা ছিল।আমি ওঁকে খুব ভালভাবে চিনতাম।অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন তিনি।রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন।মাত্র ৩৮ বছর বয়সে এভাবে চলে যাওয়া সত্যিই মর্মান্তিক।”
তিনি আরও বলেন,”জানতাম হয়তো গত কয়েকদিন ধরে প্রতীকের চিকিৎসা চলছিল।কিন্তু এই খবরটা সত্যিই চমকে দেওয়ার মতো। ওঁর দুই মেয়ে রয়েছে।সকালে ঘুম থেকে উঠে খবরটা শুনেই খুব খারাপ লেগেছে।তাঁর স্ত্রী ও সন্তানদের জন্য এটা ভীষণ কঠিন সময়।” প্রতীক যাদবের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী অপর্ণা যাদব এবং দুই কন্যা সন্তান।অপর্ণা বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত রাজনীতিবিদ হিসাবেও পরিচিত।
এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেন।তিনি লেখেন,”প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পদ্মবিভূষণ মুলায়ম সিং যাদবের পুত্র প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”পাশাপাশি তিনি বিদেহী আত্মার শান্তি কামনাও করেন।
