শিল্প-সাহিত্য বাঙালির রক্তে, তাঁরা যেন তাদের শিকড়কে না ভুলে যায় : ঋতাভরী চক্রবর্তী
বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, ঋতাভরী চক্রবর্তী। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিক দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন অভিনেত্রী, এরপর একে একে সিনেমা, সিরিজ সহ বিভিন্ন মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্য বরাবরই আলোচনায় থেকেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলার সংস্কৃতি ও সাহিত্য নিয়ে নিজের ভাবনা খোলাখুলি ভাগ করে নিলেন অভিনেত্রী।
ঋতাভরীর কথায়, তিনি চান বাঙালিরা বিশ্বমঞ্চে আরও অনেক এগিয়ে যাক, নিজেদের প্রতিভা ছড়িয়ে দিক গোটা পৃথিবীতে। তবে সেই সাফল্যের দৌড়ে যেন নিজের শিকড়, নিজের সাহিত্যকে তাঁরা ভুলে না যায়। বরং তা সঙ্গী করেই এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
নতুন প্রজন্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এই প্রজন্মের ছেলেমেয়েরা যে বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে চায়, তাকে নতুন করে তুলে ধরতে চায়, তা দেখে তাঁর ভরসা বেড়েছে। তাঁর বিশ্বাস, বাংলা ভাষা বা বাঙালির সংস্কৃতি এত সহজে হারিয়ে যাবে না। ঋতাভরীর কথায়, “বাংলা মুছে যাবে না, বাঙালিও হারাবে না। বাঙালি বাংলা নিয়েও থাকবে।”
শিল্প ও সাহিত্য প্রসঙ্গে তিনি আরও বলেন, এগুলো বাঙালির রক্তে মিশে আছে। তাই এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও বাঙালিরই, এবং তিনি বিশ্বাস করেন, “সেই দায়িত্ব পালনে আমরা অনেকটাই সফল”।
