ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড়ের মাঝে মেজাজ হারালেন করিনা কাপুর, ভাইরাল ভিডিয়ো ঘিরে ফের চর্চার মুখে ‘নবাব ঘরনি’
ফের চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী করিনা কাপুর। সম্প্রতি স্বামী সইফ আলি খান এবং তাঁদের সন্তানদের নিয়ে তিনি আইপিএলের একটি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাঁদের সঙ্গে ছিলেন ছেলে তৈমুর আলি খান, জেহ আলি খান এবং সইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান।সেখানেই তাঁর অদ্ভুত আচরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ফের চর্চার শুরু হয়।
সূত্রের খবর,রবিবার সন্ধ্যায় ‘মুম্বই ইন্ডিয়ানস’ বনাম ‘রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-এর ম্যাচ দেখতে পৌঁছে ছিলেন এই তারকা পরিবার। স্টেডিয়ামের ভিতরে ঢোকার সময় লিফটের সামনে আচমকাই ভক্তদের ভিড় বেড়ে যায়। বহু মানুষ একসঙ্গে ছবি তুলতে এগিয়ে আসায় পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে,সেই সময়ের একটি ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে করিনা কাপুরকে উত্তেজিত হয়ে গিয়ে বলেতে শোনা যাচ্ছে,”এখানে কী হচ্ছে এসব?” যদিও তিনি ঠিক কাকে উদ্দেশ্য করে এই কথা বলছিলেন, তা স্পষ্ট নয়।তবে এই অস্বস্তিকর পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। এরপর স্টেডিয়ামের ভেতরে করিনাকে আবার স্বাভাবিক ও আনন্দময় মেজাজে দেখা যায়। তিনি পরিবারের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন এবং হাসিমুখে সময় কাটান। যা পরবর্তী ভিডিয়ো এবং ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে।উল্লেখ্য,এই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ানস-কে ১৮ রানে পরাজিত করে। রবিবাসরীয় এই ম্যাচ উপভোগ করতে সেখানে উপস্থিত ছিলেন বহু তারকাই।
বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন করিনা কাপুর। সম্প্রতি, তিনি তাঁর নতুন ছবি ‘দায়রা’-র শুটিং শেষ করেছেন। এই ছবির পরিচালক হলেন মেঘনা গুলজার, এবং সহ-অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। এটি একটি ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার,যেখানে মূলত সমাজ, ন্যায়বিচারের মত জটিল সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিটি ২০২৬ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে।
প্রসঙ্গত,এর আগে করিনাকে দেখা গিয়েছিল ‘ক্রু’ এবং ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ। দুই ক্ষেত্রেই তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
