‘নিজের হাতে পা মালিশ করে দিয়েছিলাম’, আশা ভোঁসলেকে নিয়ে অজানা স্মৃতি শোনালেন সোনু নিগম

0

সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। এবার তাঁর সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের অজানা কথা,  সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সোনু নিগম।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সোনু জানান, ১৯৯৬ সালে মার্কিন সফরের সময় আশা ভোঁসলের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের কথা। সেই সময় আশা ভোঁসলে হিল স্পারের সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, হিল স্পার হল এমন একটি অবস্থা, যার ফলে গোড়ালির হাড়ের উপর ক্যালসিয়াম জমে অস্থি বৃদ্ধি পায়। পেশী বা লিগামেন্টের উপর দীর্ঘ সময় ধরে চাপ পড়ার কারণে এমনটা হয়ে থাকে। এর ফলে গোড়ালিতে তীব্র, ছুরিকাঘাতের মতো ব্যথা হয়।

সোনু নিগম জানান, এই অবস্থায় ঠিকমতো দাঁড়াতেও সমস্যা হচ্ছিল আশা ভোঁসলের। তখন নিজের হাতে মালিশ করে তাঁর পায়ের সমস্যা দূর করেছিলেন গায়ক। তিনি বলেন, “আমার মায়েরও পায়ে এই একই সমস্যা হয়েছিল, তাই বিষয়টা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল। আমি ওনাকে বলেছিলাম, আমি এটা ঠিক করে দিতে পারি। তারপর কয়েকটা শোয়ের পর আমি ওনার রুমে গিয়ে নিজের হাতে পা মালিশ করে দিই, এবং উনি সুস্থ হয়ে ওঠেন”।

এই ছোট্ট মুহূর্তই রয়ে গিয়েছিল তাঁদের সম্পর্কের এক মধুর স্মৃতি হিসেবে। সোনু বলেন, বহু বছর পরেও দেখা হলেই, আশা ভোঁসলে সেই ঘটনার স্মৃতিচারণ করতেন। “উনি মাঝেমধ্যেই জিজ্ঞেস করতেন, মনে আছে তুমি আমার পা মালিশ করে দিয়েছিলে?”

এটুকুই নয়, সেই সময়ের আরও কিছু স্মৃতিও ভাগ করে নিয়েছেন সোনু নিগম। ১৯৯৬ সালের শুরুর দিকে মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রথমবার আশা ভোঁসলের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান তিনি। “তাঁর গলায় ব্যথা ছিল ওই সময়, তাই তিনি আমাকে তার বিখ্যাত গান ‘ঝুঠে নয়না বোলে’ তার সাথে গাইতে বলেন। আমাকে তাঁর প্রয়োজন ছিল না, তিনি একজন অসাধারণ গায়িকা ছিলেন, কিন্তু তারপরেও তিনি আমাকে তাঁর সঙ্গে গাইতে বলেছিলেন। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল।” এমনকি একবার নিজে হাতে ডাল-ভাত রান্না করেও খাইয়েছিলেন আশা ভোঁসলে, সেই সব স্মৃতিই ভাগ করে নিয়েছেন সোনু।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *