‘মাঝরাতে ঘুম ভেঙে ছটফট করতাম’, কোন যন্ত্রণার কথা জানালেন কল্কি কেকলাঁ?

0

জীবনের ব্যক্তিগত কঠিন সময় নিয়ে খোলামেলা ভাবে কথা বলতে খুব কমই দেখা যায় তারকাদের। তবে তার ব্যতিক্রমই যেন কল্কি কেকলাঁ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর কীভাবে দীর্ঘ কয়েক মাস ইনসোমনিয়া বা অনিদ্রার সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে।

সোহা আলি খান-এর পডকাস্টে কথা বলতে গিয়ে কল্কি বলেন, “টানা কয়েক মাস আমি ঘুমোতেই পারতাম না। মাঝরাতে, প্রায় ২-৩ টের সময় ঘুম ভেঙে যেত, ছটফট করাতাম, তারপর আর কোনওভাবেই ঘুম আসত না”।

প্রেম ভাঙার পর নির্ঘুম রাত কীভাবে কাটত কল্কির? নিজেকে ব্যস্ত রাখার জন্য গিটার বাজাতেন বা অন্য কিছু করতেন অভিনেত্রী, কারণ একবার ঘুম ভেঙে গেলে, পুনরায় ঘুম কিছুতেই আসত না। এই পরিস্থিতি টানা প্রায় চার মাস চলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, এই দীর্ঘ অনিদ্রা তাঁর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে শুরু করে। যার প্রভাব পড়েছিল শরীরেও।

কল্কি বলেন, কাজের দিনেও তিনি বুঝতেই পারতেন না, সত্যিই জেগে আছেন, নাকি স্বপ্ন দেখছেন। “অনেক সময় মনে হত, আমি কি সত্যিই এই মুহূর্তে আছি, না এখনও স্বপ্নের মধ্যেই আছি?” এমনই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। এই অভিজ্ঞতা থেকেই কল্কি বুঝতে পারেন, মানসিক আঘাত শরীর ও মনের উপর কতটা গভীরভাবে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে কল্কি কেকলাঁ আগে পরিচালক অনুরাগ কাশ্যপ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তিনি নতুন করে জীবন শুরু করেন সঙ্গী গাই হার্শবার্গ-এর সঙ্গে। ২০২০ সালে তাঁদের কন্যা স্যাফোর জন্ম হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *