১২ বছর পর সুরজ বরজাতিয়া ফিরছেন পারিবারিক ছবিতে , আইকনিক ‘প্রেম’ চরিত্রে সলমনের জায়গায় এ বার কে?

0

পরিবারকেন্দ্রিক আবেগঘন ছবির জন্য পরিচিত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুরজ বরজাতিয়া আবারও তাঁর নতুন সিনেমা নিয়ে ফিরছেন বড়পর্দায়। রাজশ্রী প্রোডাকশন ও মহাবীর জৈন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে তাঁর নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ছবিতে প্ৰথমবার একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং শর্বরী ওয়াঘকে। আগামী ২৭ নভেম্বর ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

এই ছবির মাধ্যমে সুরজ বরজাতিয়া আবারও নিজের ঘরানায় ফিরছেন। নব্বইয়ের দশকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’,’হাম আপকে হ্যায় কৌন’,‘হাম সাথ-সাথ হ্যায়’,’বিবাহ’- এর মতো বহু পারিবারিক ছবি তিনি দর্শককে উপহার দিয়েছেন। তিনি আগে ‘উঁচাই’ ছবিটির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার জিতেছিলেন। সেই সফলতার পর এ বার তিনি দর্শকের জন্য আনছেন এক নতুন ধরনের পারিবারিক ছবি। সবচেয়ে বড় আকর্ষণ হল,রাজশ্রী প্রোডাকশনের জনপ্রিয় চরিত্র ‘প্রেম’ আবার বড় পর্দায় ফিরছে। দীর্ঘ ১২ বছর পর এই চরিত্রের প্রত্যাবর্তন। সলমনের হাত ধরেই অতীতে ‘প্রেম’ চরিত্রটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল,আর এবার প্রথমবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মানকে। নিজের অভিনয়ের বৈচিত্র্যতার জন্য আয়ুষ্মানকে এই নতুন অবতারে দেখার জন্য ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। বিপরীতে থাকছেন শর্বরী। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শর্বরীর  সঙ্গে আয়ুষ্মানের এই নতুন জুটি দর্শকের কাছে নতুন আকর্ষণ হতে চলেছে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর,১ নভেম্বর ২০২৫ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। এই ছবিতে আবার একসঙ্গে কাজ করছেন পরিচালক সুরজ বরজাতিয়া ও সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া।এর আগে তাঁরা ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে দর্শককে অনেক সুন্দর গান উপহার দিয়েছেন।তাই নতুন ছবির গান নিয়েও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।প্রেম,সম্পর্ক এবং পারিবারিক আবেগের মিশেলে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবির মধ্যে একটি হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *