‘দেব-জিৎকে জাস্টিফাই করার মতো গল্প চাই’, একসঙ্গে দুই তারকার কামব্যাক,কবে জানেন?
তাঁদের নাম পাশাপাশি উচ্চারিত হলেই শুরু হয়ে যায় ‘কে সেরা’-তার লড়াই। অনুরাগীদের সেই তর্কে দেব ও জিৎ যেন দুই আলাদা মেরু। অথচ গল্পটা সম্পূর্ণ অন্যরকম। প্রতিযোগিতার আড়ালে বরাবরই ছিল পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসা। এ বার জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী,কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে বাবা-মাকে নিয়ে হাজির দেব। পাশাপাশি দুই তারকা, মুখে প্রশংসা ও সেই মুহূর্তেই বহুদিনের প্রশ্নটা ফের জেগে উঠল,’দুই পৃথিবী’-র পর কি এ বার সত্যিই একসঙ্গে ফিরছেন দেব-জিৎ?
স্বাধীনতা দিবসের আগে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেবও।একসঙ্গে কাজের প্রসঙ্গ উঠতেই দেব জানালেন, বহুদিন ধরেই দু’জনে চেষ্টা করছেন এমন একটি গল্প খুঁজে বের করার, যেখানে দুজনকেই যথাযথভাবে ব্যবহার করা যাবে।দেব বলেন, “আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু একটা ভালো গল্প দরকার, যেখানে জিৎদাও কমফর্টেবল ফিল করবে এবং আমিও কমফর্টেবল ফিল করব।”
এমনকি সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁদের একসঙ্গে ছবি করা নিয়ে আলোচনা হয়েছে। দেব জানান, একটি অনুষ্ঠানে তাঁদের দু’জনকে নিয়ে বসে প্রসেনজিৎ নিজেই প্রস্তাব দিয়েছেন দেব ও জিৎকে ফিরিয়ে আনার।সেই সূত্রেই পুজোর পর একসঙ্গে ছবি করার দায়িত্ব নিয়েছেন বুম্বাদা।দেবের কথায়,”বুধবার বুম্বাদা আমাদের নিয়ে বসেছিল। বলেছিল,চল একটা ছবি করি। পুজোর পর বুম্বাদা দায়িত্ব নিয়েছে ছবি করব বলে। দেখা যাক।” তবে আপাতত কোনও নির্দিষ্ট ছবির ঘোষণা হয়নি। কারণ দেবের মতে, শুধু দেব ও জিৎকে একসঙ্গে পর্দায় আনার জন্য ছবি করা উচিত নয়। গল্পের প্রয়োজনেই তাঁদের একসঙ্গে আসতে হবে।
তিনি বলেন,” আমাদের দুজনের মধ্যে কোনও সমস্যা নেই। আমি জিৎদার সঙ্গে কাজ করব না, বা জিৎ আমার সঙ্গে কাজ করবে না এমন কোনও ব্যাপার নেই। কিন্তু ভালো গল্প দরকার, যেখানে জিৎ আর দেবকে জাস্টিফাই করা যাবে।”এদিন জিতের অভিনয় এবং গোটা ছবির প্রশংসাও করতে দেখা যায় অভিনেতাকে।ছবিটি দেখে দেবের মনে হয়েছে, দর্শকের পরিবার নিয়ে হলে যাওয়ার মতো ছবি এটি। তাঁর কথায়, জিৎ এই ছবিতে নিজেকে যে ভাবে ভেঙেছেন, তা সত্যিই প্রশংসনীয়। দেব বলেন, ” সবাইকে নিয়ে দেখার মতো ছবি। জিৎদা দারুণ অভিনয় করেছে, যেভাবে নিজেকে ভেঙেছে। এতগুলো লুক নিয়ে অতটা সময় মেকআপ করে এমন একটা ছবি, এমন একটা চরিত্র তার দায়িত্ব পুরোটা জিৎদার কাঁধে ছিল।আমার মনে হয় এই রোলটা জিদ্দার থেকে ভালো অন্য কেউ করতে পারত না। পথিকৃৎও দারুণ করেছে।”
দেব বলেন,” জিতদার অনেকগুলো ছবি দেখেছি। তার মধ্যে এটা আমার কাছে বেস্ট ছবি। লুক, পরিশ্রম, লোকেশন যেভাবে মাউন্টিং করা হয়েছে, যেভাবে সময়টাকে ধরা হয়েছে, সেটা অসাধারণ।” শুধু জিতের ছবি হিসেবে নয়, বাংলা ছবির একজন শিল্পী হিসেবেই এই ছবির পাশে দাঁড়াতে চেয়েছেন দেব। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলা ছবিকে সমর্থন করার কথা। কারণ হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিকে জায়গা করে নেওয়া সহজ নয় বলেই মনে করেন তিনি।
দেব বলেন,” খুবই কঠিন সময়। হিন্দি ছবির সঙ্গে লড়াই করা সহজ নয়। ভালো ছবি সাপোর্ট করা উচিত। যেকোনও শিল্পী হতে পারে, ছবি যদি ভালো হয়, আমাদের সেটা দেখা উচিত।”তাঁর মতে, ভালো বাংলা ছবি যদি দর্শকের সমর্থন পায়, তাহলে আরও বড় পরিসরে এমন ছবি তৈরি করার সাহস পাবেন নির্মাতারা।
ছবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব নিজেই বললেন,” আমরা একসঙ্গে ছিলাম,আছি এবং থাকব। তোমরাই আমাদের আলাদা করে রাখো।” দেবের এই বক্তব্য শুধু দুই তারকার সম্পর্কের কথাই বলে না, বাংলা ইন্ডাস্ট্রির জন্যও যেন একটি বার্তা। প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দর্শকের পছন্দ আলাদা হতে পারে, কিন্তু ভালো কাজের ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়ানোই আসল।দেবের মতে, “ভালো বাংলা সিনেমাকে সেলিব্রেট করা উচিত। জিৎ ভালো ছবি করেছে, আমি খবর পেয়েছি, এসে দেখেছি, নিজের প্রতিক্রিয়া দিয়েছি। প্রত্যেক মানুষের বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত।”এদিন ‘দেশু ৭’- কেও শুভকামনায় ভরিয়েছেন অভিনেতা জিৎ।
এদিকে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির জন্য নিজের ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তিও পিছিয়ে দিয়েছেন দেব। ছবিটি ডিসেম্বর নাগাদ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আপাতত দর্শকের নজর সেই বহু প্রতীক্ষিত সম্ভাবনার দিকেই।’দুই পৃথিবী’-র পর ফের কি একই পর্দায় দেব-জিৎ? আর যদি প্রসেনজিৎ সত্যিই দায়িত্ব নেন, তাহলে কি বাংলা ছবির পর্দায় তৈরি হতে চলেছে এক নতুন ‘তারকা ত্রয়ী’? উত্তর সময়ই দেবে। তবে দেব-জিতের সাম্প্রতিক উষ্ণ সমীকরণ যে সেই সম্ভাবনার দরজা অন্তত খুলে দিয়েছে, তা বলাই যায়।
