এবার কি তবে নিষ্পত্তি হল, টলিউডের ‘নিষিদ্ধ সংস্কৃতি’র? ‘দেশু ৭’ প্রসঙ্গে মতামত জানালেন অনির্বাণ
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচাৰ্য। দেবের কর্মজীবনের সর্বপ্রথম পরিচালনা ‘দেশু ৭’ ছবিতে দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। সম্প্রতি সেই কথা ঘোষণা করেছেন দেব নিজেই। এবার সেই বিষয়েই বক্তব্য রাখলেন অনির্বাণ।
‘দেশু ৭’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে, তবে কি এবার টলিউডের অন্দরের এই ‘নিষিদ্ধ সংস্কৃতি’র নিষ্পত্তি হল? সেই প্রসঙ্গে অনির্বাণ পরিষ্কার জানান, “আমাদের ইন্ডাস্ট্রিতে একাধিক সংস্থা আছে, যেমন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, তারা নিয়মিত এই বিষয় নিয়ে আলোচনা করছে। এই সমস্যার নিষ্পত্তি হবে কি না বা কেমন ভাবে হবে, সেটা তারাই বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ, এই ধরনের বৈঠকে আমি এক দিনও উপস্থিত থাকি নি। আমি শুধু এইটুকুই বলতে পারি, ‘দেশু৭’-এ আমি অভিনয় করছি। চেষ্টা করব ভাল কাজ করার, যাতে দর্শকের আমার কাজ ভাল লাগে।”
‘দেশু ৭’ প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমার ছবির থেকেও দেব-শুভশ্রী জুটিকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, অভিনেতা হিসেবে, তার অংশ হতে পেরে খুব উত্তেজিত”। অনির্বাণ আরও বলেন, তাঁর বড় পর্দায় অভিনীত প্রথম ছবি ‘আরশিনগর’-এও মুখ্য চরিত্রে ছিলেন দেব। আর এবার, দেবের প্রথম পরিচালনা ‘দেশু ৭’-এর অংশ হতে পারা, এভাবেই যেন একটি বৃত্ত সম্পূর্ণ হল। “আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেব সহ গোটা টিমের উপর, যে একটা চমৎকার চরিত্র বা অভিনয়ের কথা ভেবেই ও আমাকে ডেকেছে। এবং এই সিনেমায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।”
এছাড়াও শুভশ্রী-র প্রশংসা করে অনির্বাণ বলেন, “বহুদিন ধরে শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী, কিন্তু কখনোই তাঁর সাথে কাজ করার সুযোগ হয়নি। সেই সুযোগ পেয়েও ভালো লাগছে।” সব কিছু মিলিয়েই ‘দেশু ৭’ অনির্বাণ ভট্টাচাৰ্যর কাছে খুব স্পেশাল, এমনটাই দাবি তাঁর।
