মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে একের পর এক গোল মিস, প্রথম হারের মুখ দেখল মোহনবাগান
৭৫% বল দখল, ২২ শট। তবু গোল নেই। ফল যা হওয়ার তাই। চার জয়, তারপর ড্র। এ বার প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। দাপট ছিল, সুযোগও ছিল – কিন্তু গোলটাই এল না। আর কার্যত সেই ব্যর্থতার খেসারতই দিতে হল মোহনবাগানকে। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র কাছে ০-১ গোলে হার মেনে শীর্ষস্থান হাতছাড়া করল সবুজ মেরুন বাহিনী। চলতি আইএসএল মরশুমে এটাই তাদের প্রথম হারের স্বাদ।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেও কার্যকরী ফুটবল খেলতে ব্যর্থ হল জেমি ম্যাকলরেনরা। ৭৫ শতাংশ পজিশন ও ২২টি শট নিয়েও গোলের মুখ খুলতে পারেনি দল। উল্টোদিকে, ২৬ মিনিটে জনি কাউকোর নিখুঁত পাস থেকে নৌফলের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শরীর ঘুরিয়ে নেওয়া নিখুঁত শটে বিশাল কাইথকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল মোহনবাগানের। একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন কাইথ। মুম্বইয়ের আক্রমণ রক্ষণভাগের দুর্বলতা বারবার চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে লোবেরাকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়ালেও গোলের দেখা মেলেনি। ৬৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সেই মুহূর্তে সমতা ফেরানোর স্বপ্ন দেখলেও শেষপর্যন্ত হতাশাই সঙ্গী হয় সমর্থকদের।
কোচ সের্জিও লোবেরা বদলি ও দল নির্বাচনে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। দীপক টাংড়িকে নামানো এবং পরে আবার তুলে নেওয়া, আক্রমণে ধীরগতির জুটি—সব মিলিয়ে ছন্দ খুঁজে পায়নি দল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্রয়ের পর এই হার, ফলে টানা হোঁচটে চাপ বাড়ছে লোবেরার ওপর।

এই হারে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এল মোহনবাগান। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মুম্বই সিটি এফসি।
