আইপিএল ইতিহাসে রেকর্ড! ১৫ হাজার কোটি টাকায় বিক্রি রাজস্থান রয়্যালস

0

আইপিএল শুরু হবে, তার আগেই যেন ধামাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক চুক্তির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রেকর্ড ১৫ হাজার ৩০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। জানা গিয়েছে, মার্কিন শিল্পপতি কাল সোমানির একটি কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে। এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আইপিএল-এর এি মরশুমের পরই। বর্তমানে দলের অধিকাংশ শেয়ার রয়েছে মনোজ বাদালের মালিকানাধীন ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংসের হাতে। এছাড়াও অংশীদার হিসেবে রয়েছে ল্যাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল। তবে নতুন এই চুক্তির ফলে মালিকানায় বড় পরিবর্তন আসতে চলেছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনারস প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব দিলেও, মালিকানা হস্তান্তরের জটিলতার কারণে সেই অফার ফিরিয়ে দেয় রাজস্থান বোর্ড। শেষ পর্যন্ত সোমানির কনসোর্টিয়ামের প্রস্তাবই গ্রহণ করা হয়। এই দৌড়ে আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস গ্রুপের মতো বড় সংস্থাও ছিল। তবে সবাইকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসলেন সোমানি। ক্রিকেটীয় দিক থেকেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। রিয়ান পরাগের নেতৃত্বে চলতি মরশুমে মাঠে নামবে দল। পাশাপাশি যশস্বী জয়সওয়াল সহ তরুণ প্রতিভাদের নিয়ে নতুন মালিকানার অধীনে দল কীভাবে পারফর্ম করে, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।
এর আগে ২০২৫ সালে গুজরাট টাইটান্স-এর ৬৭ শতাংশ শেয়ার প্রায় ৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছিল। সেই রেকর্ড এবার ভেঙে দিল রাজস্থান রয়্যালস।

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়া এই দল ২০২২ সালে ফাইনালেও পৌঁছেছিল, যদিও শেষ পর্যন্ত গুজরাটের কাছে হেরে যায়। নতুন মালিকানার হাত ধরে এবার আবার শিরোপা জয়ের লক্ষ্যে এগোতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ হিসেবে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু যেভাবে বাড়ছে, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যও যে আকাশছোঁয়া হবে, তা একপ্রকার প্রত্যাশিতই ছিল। তবে এই রেকর্ড অঙ্ক নিঃসন্দেহে নতুন মাইলফলক গড়ল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *