ফের বাজিমাত ‘জোয়ার ভাঁটা’-র ,প্রকাশ্যে এই সপ্তাহের সেরা দশ মেগার তালিকা
প্রতি সপ্তাহেই যেন টেলিভিশনের জনপ্রিয়তায় নতুন সমীকরণ।দর্শকের রায়েই নির্ধারিত হয় কোন ধারাবাহিক এগিয়ে থাকবে এবং কার জনপ্রিয়তায় ভাঁটা পড়বে।সেই বহুল প্রতীক্ষিত টিআরপি তালিকাই প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।চলতি সপ্তাহের তালিকাতেও রয়েছে বেশ কিছু চমক।কেউ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে,কেউ আবার নতুন করে জায়গা করে নিয়েছে দর্শকের মনে।টিআরপির নিরিখে এই সপ্তাহে কোন ধারাবাহিক বাজিমাত করল?কোন মেগাই বা সেরা দশের তালিকায় জায়গা পেল?দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা বাংলা ধারাবাহিকের অবস্থান।
চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির ‘জোয়ার ভাঁটা’।জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৫.৩ নম্বর।গত দুই সপ্তাহের টানটান নাটকীয় মোড় যে দর্শকের মনে ভালই জায়গা করেছে তা বলার অপেক্ষা রাখে না।এই সপ্তাহে সায়ন্তনের করা অপরাধ ফাঁস হয়েছে।অন্যদিকের নিশার সঙ্গে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জিৎ।পরের সপ্তাহে গল্প কোনদিকে মোড় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শক।দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’।জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৪.৯ নম্বর।পারুল-রায়ানের জুটি যে ফের জায়গা করছে তা বলাই যায়। তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম-আজকের নায়ক’, ‘প্রতিজ্ঞা’ ও ‘গঙ্গা’।স্টার জলসার এই ধারাবাহিকগুলি পেয়েছে ৪.৮ নম্বর।একদিকে ‘পরশুরাম’-ধারাবাহিকে তটিনীকে বিপদে ফেলতে নানা ষড়যন্ত্র গল্পের নাটকীয়তা বাড়িয়ে দিয়েছে।আবার ‘প্রতিজ্ঞা’-য় দেখা যাচ্ছে আসল ছুটিকে বিপদে ফেলার চেষ্টা,অন্যদিকে ‘গঙ্গা’ ধারাবাহিকে উপালীকে বাঁচাতে গিয়ে নতুন বিপদের সম্মুখীন হতে হয় গঙ্গাকে।
চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৭ নম্বর।চলতি সপ্তাহে ধারাবাহিকে দেখানো হয়েছে জলে নেমেই বিপদের মুখে পড়তে হয় অদ্বিতীয়া অর্থাৎ রূপমঞ্জরীকে।তবে গোরা কি তাঁকে বাঁচাতে পারবে ?গল্পের নাটকীয় মোড় কোনদিকে যায় তা দেখতেই যেন মুখিয়ে দর্শক।পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’,’অন্নপূর্ণার লক্ষীরা’ও স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৬ নম্বর।তবে ‘অন্নপূর্ণার লক্ষীরা’ শুরু হতেই সেরা পাঁচে স্থান পেয়েছে এই নতুন ধারাবাহিক।অন্যদিকে, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে বহু প্রতিকূলতা পেরিয়ে রাজরীতকে ফিরে পেয়েছে বিদ্যা।আবার ‘কুসুম’ ধারাবাহিকে একের পর এক সংকট দেখা যায় আয়ুষ্মান ও কুসুমের জীবনে।
ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’।এই ধারাবাহিক পেয়েছে ৪.২ নম্বর।সপ্তম স্থানে রয়েছে ‘ঘূর্ণি’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.১ নম্বর।অষ্টম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৩.৮ নম্বর।নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’।।এই ধারাবাহিক পেয়েছে ৩.৫ নম্বর।দশম স্থানে রয়েছে ‘সংসারের সংকীর্তন’।এই ধারাবাহিক পেয়েছে ৩.১ নম্বর।
