‘আপনার মতো মানুষের আজ দেশের খুব প্রয়োজন’,সোনম ওয়াংচুকের কাছে আর্জি শাবানার

0


নিট পরীক্ষার কারচুপির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।দীর্ঘ ১৮ দিনের অনশনে তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছে।তাঁর এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন বিরোধী পক্ষের নেতা-নেত্রীরা।সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রতিবাদে সরব হয়েছে একাংশ।শুধু তাই নয়,বলিউডের জিনাত আমন,নাসিরুদ্দিন শাহ,অভয় দেওল,ওমি বৈদ্য সহ একাধিক তারকা সোনম ওয়াংচুকের প্রতিবাদে সমর্থন জানিয়েছেন।তবে এ বার ওয়াংচুকের অনশন ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে শাবানা আজমি লেখেন,”আপনার মতো মানুষের আজ আমাদের দেশে খুব প্রয়োজন।আপনি অন্যায়ের বিরুদ্ধে,সত্যের পক্ষে লড়ছেন।আপনাকে নিয়ে আমরা গর্বিত।”এরপর তিনি আবেদন জানিয়ে লেখেন,”এই লড়াই অনেক দীর্ঘ।তাই আপনার সুস্থ থাকা খুবই জরুরি।দেশের অসংখ্য পড়ুয়া আপনার কাছ থেকে সাহস ও পথনির্দেশ পায়।তাই আমাদের অনুরোধ,আপনি অনশন ভেঙে দিন।আমরা সবসময় আপনার পাশে আছি।”পাশাপাশি সোনম ওয়াংচুকের এই প্রতিবাদে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাগ করেন অভিনেত্রী আকাঙ্খা সিং।তিনি বলেন,”কিছু কন্ঠস্বর শুধু নিজের জন্য নয়,আমাদের সকলের পক্ষেই কথা বলে।সোনম ওয়াংচুক যিনি সারাজীবন পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছেন,তাঁর প্রতি অন্তত মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়।”তাঁর ভিডিয়োর মাধ্যমে তিনি জানান ,অন্যায় দেখে নীরব থাকাও একধরনের সিদ্ধান্ত।তাই যে কোনও কারণে মানবতা,ন্যায়বিচার ও সঠিক পদক্ষেপকেই বেছে নেওয়া উচিত।তিনি বার্তা দেন,”যাঁরা আমাদের জন্য লড়ছেন,তাঁদের পাশে দাঁড়ানো উচিত।”

এছাড়াও,২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’-এ ‘চতুর রামলিঙ্গম’-এর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন,”আমি চাই না ফুংসুক ওয়াংড়ুর মৃত্যু হোক।আপনি তাঁর মতের সঙ্গে একমত হতেই পারেন,না-ও হতে পারেন।কিন্তু আমি চাই না এই মানুষটির মৃত্যু হোক।”প্রসঙ্গত,’থ্রি ইডিয়টস’ ছবির ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি বাস্তবে সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত।ছবিতে সোনম ওয়াংচুককে অনুপ্রাণিত করে তৈরি ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রে অভিনয় করে একসময় ব্যাপক সফলতা পেয়েছিলেন অভিনেতা আমির খান।শুধু তাই নয়,আমির খানের ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি তরুণ প্রজন্মের কাছেও যথেষ্ট উল্লেখযোগ্য ও শিক্ষণীয়।তবে এই আবহেই বিতর্কের কেন্দ্রে আমির খান।এই পরিস্থিতিতে তাঁর কোনও প্রতিক্রিয়া সামনে না আসায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।কেউ লিখছেন,”বাস্তবের ফুংসুক ওয়াংড়ু যখন লড়ছেন,তখন পর্দার র‍্যাঞ্চো কেন নীরব?”কেউ লিখেছেন,”আমির খান ও রাজকুমার হিরানি আপনারা কেন কিছু বলছেন না?”কেউ লিখেছেন,”আমির খানের লজ্জা হওয়া উচিত,তিনি এখনও চুপ।”

উল্লেখ্য,পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি।পাশাপাশি,প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে সরকারকে।তবে আন্দোলনের শুরু থেকেই যোগদান করেছিলেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।তাঁর সঙ্গে অনশনে বসেছেন ছাত্র-ছাত্রীরাও।তিনি জানিয়েছিলেন,২৭ জুনের মধ্যে কেন্দ্রের তরফে সন্তোষজনক কোনও পদক্ষেপ না করলে তিনি অনির্দিষ্টকালের অনশনে বসবেন।তবে কেন্দ্রের কোনও হস্তক্ষেপ না থাকায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন তিনি।অনশনের প্রভাবে রক্তে শর্করার মাত্রাও নীচে নেমে এসছে সোনম ওয়াংচুকের।তবে তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানালেও,সোনম ও অন্যান্য অনশনকারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন সকলেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *