জমি নিয়ে সংঘর্ষে রক্তাক্ত পরিণতি,হাসপাতালে পঙ্কজ ত্রিপাঠীর দাদা
পর্দায় তিনি শান্ত,সংযত অথচ শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত।কিন্তু বাস্তব জীবনে আচমকাই বড়সড় বিপদের মুখে পড়ল বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবার।বিহারের গোপালগঞ্জ জেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে গুরুতর হামলার শিকার হয়েছেন অভিনেতার দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারি।রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ইতিমধ্যেই তদন্তে নেমেছে শুরু হয়েছে এবং ১ জন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্রের খবর,রবিবার সন্ধ্যায় নিজের বাড়ির বাইরে বসে ছিলেন বিজেন্দ্রনাথ তিওয়ারি।সেই সময় আচমকাই কয়েকজন ব্যক্তি তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।ধারালো অস্ত্র,লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে।হামলায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে শারীরিক অবনতির কারণে চিকিৎসকরা তাঁকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।চিকিৎসক এ কে মিশ্র জানান,বিজেন্দ্রনাথ তিওয়ারির পিঠে,কাঁধে এবং ঘাড়ের সংযোগস্থলে একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে।বর্তমানে পাটনায় তাঁর চিকিৎসা চলছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।প্রাথমিক তদন্তে উঠে এসেছে,পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।পুলিশ জানিয়েছে,সম্প্রতি জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল।ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।সদর এসডিপিও রাজেশ কুমার বলেন,“প্রাথমিক তদন্তে মনে হচ্ছে,এটি একটি পুরনো জমি বিবাদের ফল।সম্প্রতি জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছিল।”পুলিশ সুপার বিনয় তিওয়ারি জানিয়েছেন,“ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।বাকি অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন কড়া বার্তা দিয়ে বলেন, “অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। বিহারে আইন নিজের গতিতেই চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য,পঙ্কজ ত্রিপাঠী ভারতীয় ছবির একজন অন্যতম অভিনেতা।নিজের জীবনে দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে তিনি অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে সুলতান কুরেশির চরিত্রে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এরপর ‘নিউটন’,’স্ত্রী’, ‘মিমি’, ‘মির্জাপুর’, ‘মার্ডার মুবারক’, ‘ওএমজি ২’, এবং ‘ম্যায় অটল হু’ একাধিক সফল ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।’নিউটন’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন।অভিনেতার পরিবার উপর নেমে আসা বিপদের সময় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও।
