‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে নকল গোঁফ লাগিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন অক্ষয়! দীর্ঘ চার বছর পর দিলেন জবাব
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল অক্ষয় কুমার-এর লুক। ছবিতে ‘নকল গোঁফ’ লাগানোকে ঘিরে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। দর্শকের একাংশ প্রশ্ন তুলেছিলেন তাঁর অভিনীত চরিত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে। সেই সময়ে এই প্রসঙ্গে কোনও মন্তব্য প্রকাশ করেননি অক্ষয়। দীর্ঘ চার বছর পর অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন অভিনেতা।
সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে অক্ষয় জানান, “একসঙ্গে অনেক প্রোজেক্টে কাজ করি, বিভিন্ন লুক রাখতে হয়। যেমন এখন যে দাড়িটা দেখছেন, সেটা বড় করতে আমার প্রায় ছয় সপ্তাহ সময় লেগেছে। সেই সময় আমি কাজই করিনি।” অক্ষয় আরও বলেন, সম্রাট পৃথ্বীরাজ-এর চরিত্র অনুযায়ী যে ধরনের গোঁফ প্রয়োজন ছিল, তা স্বাভাবিকভাবে তাঁর মুখে ওঠা সম্ভব ছিল না। তাই বাধ্য হয়েই নকল গোঁফ ব্যবহার করতে হয়েছিল। “হয়তো সেটা সবার ভালো লাগেনি, সেটার জন্য আমি দুঃখিত। কিন্তু এটাও অভিনয়েরই অংশ”।
সম্রাট পৃথ্বীরাজ ছবিটি পরিচালনা করেছিলেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং প্রযোজনায় ছিল যশ রাজ ফিল্মস। ছবিটি মুক্তির আগেই বিতর্কের সম্মুখীন হয়েছিল। সম্রাট পৃথ্বীরাজ-এর প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন না করার অভিযোগ তুলেছিল রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা। এমনকি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। ছবির নাম ‘পৃথ্বীরাজ’ এর বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করার দাবিও উঠেছিল তাদের তরফ থেকে।
