জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি ‘চালচিত্র এখন’,সম্মানিত ‘অঙ্ক কী কঠিন’-এর তিন খুদে

0



জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে গর্বের মুহূর্ত বাংলা সিনেমার।শনিবার দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণায় একসঙ্গে সম্মান পেল বাংলা ছবির দুই প্রজন্মের প্রতিভা।একসময় জাতীয় অর্থবল না পেয়ে জাতীয় স্তরে ছবি করতে ব্যর্থ ছিলেন। তাঁর সেই ছবি ঘিরেই আজ জয়জয়কার।অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ নির্বাচিত হয়েছে সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে।একইসঙ্গে যৌথভাবে পুরস্কৃত হয়েছে সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবির তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়,তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।

মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছিল ‘চালচিত্র এখন’।ছবিতে নিজেই মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত।প্রযোজনার দায়িত্বও সামলেছিলেন তিনি,সঙ্গে ছিলেন তাঁর ছেলে নীল দত্ত।সীমিত আর্থিক সামর্থ্যের কারণে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক,যাতে দেশ-বিদেশের আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারে ছবিটি।সেই ছবিই এবার জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির স্বীকৃতি পাওয়ায় আবেগ লুকিয়ে রাখতে পারেননি তিনি।

প্রসঙ্গত,এ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিনয় ও অন্যান্য বিভাগেও উঠে এসেছে একাধিক উল্লেখযোগ্য নাম।তুষার হিরানন্দানি পরিচালিত রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ নির্বাচিত হয়েছে সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে।অন্যদিকে, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’-এর জন্য মাম্মুটি যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন।সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য ইয়ামি গৌতমের হাতে।পাশাপাশি সেরা মৌলিক চিত্রনাট্যের সম্মান পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবি।

উল্লেখ্য,জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর শংসাপ্রাপ্ত ছবিগুলিকে বিবেচনা করা হয়।প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বাধীন ১১ সদস্যের জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।মোট ৪৩ টি পুরস্কার এই অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে।অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় পিআইবি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে।ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই প্রতি বছর এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।পূর্ণদৈর্ঘ্য ও অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র,চলচ্চিত্র বিষয়ক লেখালেখির পাশাপাশিঅভিনয়,পরিচালনা,চিত্রনাট্য,সঙ্গীত, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং বিভিন্ন কারিগরি বিভাগে সেরাদের সম্মানিত করা হয়।তবে একদিকে মৃণাল সেনকে নিবেদিত একটি চলচ্চিত্রের জাতীয় স্বীকৃতি,অন্যদিকে শিশু শিল্পীদের অসাধারণ অভিনয়ের সম্মান,দুই প্রাপ্তি যেন নতুন করে মনে করিয়ে দিল, ভালো গল্প, আন্তরিক নির্মাণ এবং নিখাদ অভিনয়ের শক্তিতেই বাংলা সিনেমা আজও জাতীয় মঞ্চে সমানভাবে উজ্জ্বল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *