প্রতি পাঁচ প্রার্থীর একজন কোটিপতি! শীর্ষে কে? কোন দল? আবার ৫০০ টাকা নিয়েও কেউ লড়ছেন

0

ভোটের আগে প্রার্থীদের হলফনামা যেন খুলে দিল এক বিস্ময়কর আয়না! এক্কেবারে চিচিং ফাঁক! যে আয়নার পর্দা সরালেই দেখা গেল কোটি কোটি টাকার ঝলক! হ্যাঁ, সবই প্রার্থীদের হলফনামা। সবই বৈধ। সবই অর্জিত। সেখানে যেমন তৃণমূল আছে, তেমন বিজেপি আছে, তেমন বাম প্রার্থীরাও আছেন। অন্যদিকে চরম বৈপরীত্যের ছবিটাও রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস  এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের আর্থিক অবস্থার চমকে দেওয়া পরিসংখ্যান।
আগামী ২৩ এপ্রিল ১৫২টি কেন্দ্রে যে ১,৪৭৫ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন, তাঁদের মধ্যে ৩০৯ জনই কোটিপতি। অর্থাৎ প্রতি পাঁচজন প্রার্থীর মধ্যে একজনের সম্পত্তি কোটি টাকার বেশি। গড় সম্পদের পরিমাণও কম নয়, প্রায় ১.৩৪ কোটি টাকা। এই তালিকায় শীর্ষে রয়েছেন জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন, যার ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৩৩.৫২ কোটি টাকা। এছাড়াও বরজোড়ার গৌতম মিশ্র (শ্যাম) ও দুর্গাপুর পশ্চিমের কবি দত্ত, তাঁরাও কম যান না। তাদের যথাক্রমে ১০৫.৭৫ কোটি ও ৭২.৭৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে শীর্ষ সারিতে।
দলভিত্তিক হিসাবে কোটিপতি প্রার্থীর সংখ্যায় অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তাদের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ১০৬ জনই (৭২ শতাংশ) কোটিপতি। বিজেপিতে এই হার ৪৭ শতাংশ (৭১ জন), কংগ্রেসে ৩৩ শতাংশ (৫০ জন) এবং সিপিআই(এম)-এ ২৪ শতাংশ (২৪ জন)। গড় সম্পদের নিরিখেও তৃণমূল এগিয়ে, প্রায় ৫.৭০ কোটি টাকা, যা অন্য দলগুলির তুলনায় অনেকটাই বেশি।
তবে চাঁদের যেমন উল্টোপিঠ থাকে, তেমনই এই উজ্জ্বল ছবির উল্টোপিঠও কম চমকপ্রদ নয়। প্রায় ৪৮.৭ শতাংশ প্রার্থীর সম্পদ ২০ লক্ষ টাকার নিচে। এমনকি কয়েকজন প্রার্থী রয়েছেন, যাঁদের ঘোষিত সম্পত্তি হাজার টাকারও কম, কেউ ৫০০, কেউ ৭০০, আবার কেউ ৯২৪ টাকার মালিক!
সম্পদের এই বৈপরীত্যের মাঝেই আরও বড় উদ্বেগের জায়গা তৈরি করছে অপরাধের পরিসংখ্যান। রিপোর্ট অনুযায়ী, ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ২০ শতাংশের বিরুদ্ধে খুনের চেষ্টা, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। নির্বাচনের এই মঞ্চে তাই কোটিপতির ঝলকের পাশাপাশি আইনি বিতর্কের ছায়াও সমানভাবে স্পষ্ট হয়ে উঠছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *