অনীক দত্ত অপরাজিত, নন্দনে আগে ছবিটা চললে দুঃখ নিয়ে যেতে হত না: জীতু কমল
সত্যজিৎ রায়ের নির্মাণশৈলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি।বাঙালিদের ‘ভূতের ভবিষ্যৎ’,’আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’ উপহার দিয়েছিলেন পরিচালক।সঙ্গে জন্ম দিয়েছিলেন বাংলা ছবিতে নতুন ঘরানার।তবে ৬৬ বছরেই শেষমেশ জীবন থেকে ছুটি নিলেন পরিচালক।২৭ মে, গড়িয়াহাটের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বর্ষীয়ান পরিচালক অনীক দত্তের।দুর্ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল একটি সুইসাইড নোট।যাতে লেখা “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”তবে এই সাহসী ব্যক্তিত্বের আচমকা মৃত্যুশোক মেনে নিতে পারেননি গোটা ইন্ডাস্ট্রি।তাঁর মৃত্যুর পর প্রথমবারের জন্য নন্দনে প্রদর্শিত হল ‘অপরাজিত’।ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে।সেইসময় রাজনৈতিক কারণে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি ছবি মুক্তি পায়নি নন্দনে।তবে চার বছর পরই যেন সফলতা পেল এই ছবি।ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা জীতু কমল।ছবিটির জন্য দর্শকের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।তাঁর কথায়,ছবিটি একসময় নন্দনে প্রদর্শনের অনুমতি না পেলেও দর্শকের ভালোবাসাই শেষ পর্যন্ত সেই অন্যায়ের জবাব দিয়েছে।
অভিনেতার মতে,কোনও ছবিকে প্রদর্শনের অনুমতি না দেওয়া হলে তার কারণ জানানো উচিত।তাঁর কথায়,স্ক্রিনিং কমিটিতে যাঁরা উপস্থিত ছিলেন,তাঁরা যদি বোঝাতেন ছবিটি কেন মুক্তি পাবে না,তাহলে ভবিষ্যতে পরিচালকরা,অভিনেতারা সেই অনুযায়ী ছবি তৈরি করতে পারবেন।তিনি বলেন,”পূর্ববর্তী সরকারের প্রতি মানুষের যে ঘৃণা ছিল,সেটাই মানুষ হাউসফুল করে সেই ক্ষোভ উগরে দিয়েছে।ছবিটি জি ফাইভে ছিল,বহু মানুষ আগেই দেখেছেন।তার পরেও নন্দনে প্রদর্শনের সময় যে সাড়া মিলেছে,তা এক নিঃশব্দ বিপ্লবের ইঙ্গিত।”
অনীক দত্তের প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে জীতু বলেন, “২০২২ সালে যদি ছবিটা নন্দনে চলত,তাহলে মানুষটাকে এতটা দুঃখ নিয়ে যেতে হতো না।এই বিষয়টা তাঁকে খুব কষ্ট দিয়েছিল।”পশ্চিমবঙ্গের মানুষ এবং বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতার বক্তব্য,”আমি পশ্চিমবঙ্গবাসী ও সরকারকে অশেষ ধন্যবাদ জানাই।আপনারা বিচার করলেন যে ২০২২ সালে একটি অন্যায় হয়েছিল।অনীক দত্ত সত্যিই অপরাজিত,বাংলার মানুষও অপরাজিত।”
নিজের আবেগ প্রকাশ করে অভিনেতা বলেন,”আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।তিনি বেঁচে থাকলেও হয়তো এই ঋণ শোধ করতে পারতাম না,এখনও পারব না।অনেকে কটাক্ষ করে বলেন আমি নিজেকে সত্যজিৎ রায় ভাবছি।আমি নিজেকে সত্যজিৎ রায় ভাবি না। আমি একজন শিল্পী।তাই শিল্পের সঙ্গে যুক্ত থাকব,আর যেখানে অনৈতিকতা দেখব,তার বিরুদ্ধে সোচ্চার হব।”এছাড়াও তিনি জানান, ‘অপরাজিত ২’ নির্মান নিয়ে পরিচালকের জীতুর সঙ্গে কথা হয়েছিল।তিনি বলেন, “শীঘ্রই দেখা হচ্ছে।কিন্তু দেখা হবে বলে এভাবে চলে যাওয়া,এটা ঠিক হল না।”
