‘কান্তারা’ বিতর্কে এফআইআর খারিজ আদালতের,চার সপ্তাহের মধ্যে চামুন্ডি মন্দিরে যাওয়ার নির্দেশ রণবীর সিংকে?

0



‘কান্তারা’ বিতর্কে অবশেষে বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রণবীর সিং। দীর্ঘ আইনি টানাপড়েনের পর কর্ণাটক হাই কোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ,নিজের অনুশোচনার প্রমাণ হিসেবে আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে চামুন্ডি মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হবে। সম্প্রতি, ‘ধুরন্ধর ২’এর সাফল্যের মাঝেই ‘কান্তারা’ ছবির বিতর্কে আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা।অভিনেতার একটি মন্তব্য ঘিরে দায়ের হয়েছিল ফৌজদারি মামলা।

বিতর্কের সূত্রপাত হয় ৫৫ তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে।অভিনেতা রিষভ শেট্টির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে ‘কান্তারা’ ছবির একটি দৃশ্য অনুকরণ করেন রণবীর। অনুকরণের সময় তিনি চামুন্ডি দেবীকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেছিলেন।গোটা ঘটনার জেরে তীব্র বিতর্ক শুরু হয় এবং বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।এরপর অভিনেতার বিরুদ্ধে সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো(ধারা ১৯৬),ধর্মীয় অনুভূতিতে আঘাত (ধারা ২৯৯)এবং জনমনে অশান্তি সৃষ্টি করার (ধারা ৩০২) জন্য মামলা দায়ের করা হয়।

শনিবার মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন রণবীরের বক্তব্য শোনেন।অভিনেতার আইনজীবী জানান,নতুন করে একটি সংশোধিত হলফনামা জমা দেওয়া হয়েছে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে।পাশাপাশি অভিনেতা মন্দিরে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। অভিযোগকারী পক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান,জনপ্রিয় ব্যক্তিত্বদের ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত। তাঁদের মতে, তারকাদের প্রতিটি কথা বহু মানুষের উপর প্রভাব ফেলে, তাই আদালতের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া প্রয়োজন।

বিচারপতি এ বিষয়ে মন্তব্য করেন, আদালত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছে বলেই এতদিন মামলাটিকে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সতর্কবার্তাও দেওয়া হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *