লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরাই কি পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’? বড় ইঙ্গিত মন্ত্রী অগ্নিমিত্রা পালের
দায়িত্ব নিয়েই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পকে সামনে এনে নতুন জল্পনা উস্কে দিলেন রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি সরকারের নারী ও শিশু সুরক্ষা সমাজকল্যাণ এবং নগর উন্নয়ন দফতরের দায়িত্ব নেওয়ার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, আগে যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পেতেন, তাঁরাই নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় আসতে পারেন। যদিও প্রকল্পের চূড়ান্ত কাঠামো এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি। আর সেই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন কৌতূহল।
নতুন সরকারের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দায়িত্ব নিয়ে অগ্নিমিত্রা বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। তাঁর দাবি, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত এবং মাসিক ৩০০০ টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মতো প্রকল্প দ্রুত চালু করা হবে। ‘যা হবে, সব লিখিতভাবে হবে। মৌখিক প্রতিশ্রুতি নয়,’ বলেন তিনি।
তবে সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে তাঁর সেই মন্তব্য, যেখানে তিনি বলেন, ‘যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের অংশীদার হবেন।’ যদিও পরে তিনি স্পষ্ট করেন, সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা ও কাঠামো নিয়ে এখনও আলোচনা চলছে।
একইসঙ্গে অগ্নিমিত্রা জানান, আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ করা হবে না। তবে এবার সমস্ত আর্থিক সুবিধা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। তাঁর দাবি, আগামী ১ জুন থেকেই একাধিক প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন মন্ত্রী। শহরাঞ্চলে আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন ও জল-জীবন মিশনের বাস্তবায়নে জোর দেওয়ার পাশাপাশি গঙ্গা তীরবর্তী পর্যটন কেন্দ্র, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প এবং উত্তরবঙ্গের শহর উন্নয়নের কথাও বলেন তিনি। সেই সঙ্গে তাঁর বার্তা, ‘আমরা ৩৬৫ দিন কাজ করব, কোনও ছুটি নেই।’
