অবাক ভোট দান! ৯২ শতাংশেরও বেশি! স্বাধীনতার পর রাজ্যে সর্বকালীন ভোটদানের রেকর্ড!

0

প্রবল গরম, তাপপ্রবাহের সতর্কতা, সব বাধা উপেক্ষা করেই ভোটের ময়দানে নজির গড়ল পশ্চিমবঙ্গ। যে নজির স্বাধীনতার পর কখনোই দেখা যায়নি। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যে ভোটদানের হার ছাপিয়ে গেল ৯২ শতাংশ! ২০২১ সালের ৮২.৩০ শতাংশ ভোটদানের রেকর্ডও এদিন অনেক আগেই ছাপিয়ে যায়। ৩ কোটি ৬০ লক্ষের বেশি নথিভুক্ত ভোটারের মধ্যে প্রায় ৯২.২৫ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এ বার সর্বোচ্চ ভোটদানের সর্বকালীন নজির তৈরি হয়েছে। এই বিপুল অংশগ্রহণের জন্য ভোটারদের ধন্যবাদও জানিয়েছে কমিশন।
প্রথম দফায় মোট ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সন্ধে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরে সর্বাধিক ৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে। কোচবিহারও রয়েছে শীর্ষ তালিকায়। অন্যদিকে, তুলনামূলক কম ভোট পড়েছে কালিম্পঙে। ভোটদানের এই রেকর্ডের নেপথ্যে রয়েছে কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ এসআইআর প্রক্রিয়া নিয়েও বিতর্ক। এই প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে, যা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
তবে এত বিপুল ভোটদানের মাঝেও অশান্তির ঘটনা ছিল ন্যূনতম বলেই দাবি নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, অধিকাংশ জায়গায় ভোট হয়েছে অবাধ স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে। গোটা রাজ্যে বিভিন্ন গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার এবং ৫৭০ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার।
প্রবল দাবদাহের মধ্যেও বুথমুখী মানুষের এই ঢল স্পষ্ট বার্তা দিচ্ছে-গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাংলার ভোটাররা আগের যেকোনও সময়ের চেয়েও বেশি সক্রিয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *